ফ্র্যাঞ্চাইজিগুলো যোগ্য মনে করেনি বলেই তাঁরা মাঠের বাইরে
খেলার কথা ছিল আইপিএলে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছা-অনিচ্ছার বলি হয়েছেন। অন্যভাবে বললে ফ্র্যাঞ্চাইজিগুলো যোগ্য মনে করেনি বলেই তাঁরা মাঠের বাইরে। এমন কয়েকজন ক্রিকেটার আছেন, যাঁরা এবার মাঠে না থেকেও আইপিএলে আছেন। থাকছেন ধারাভাষ্য কক্ষে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন কয়েকজন এবারের আইপিএলে হয়ে উঠবেন নেপথ্যের কণ্ঠ-তারকা…
প্রজ্ঞান ওঝা
একসময় আইপিএলে নিয়মিতই ছিলেন। জিতেছেন চারটি আসরের শিরোপা (মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনবার, বিলুপ্ত ডেকান চার্জার্সের হয়ে একটি)। কিন্তু এই ওঝা দুই বছর ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ। ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক বাঁহাতি স্পিনার এবার ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।
আইপিএলে এখন পর্যন্ত ৯২টি ম্যাচ খেলেছেন ওডিশার এই বাঁহাতি স্পিনার। তুলে নিয়েছেন ৮৯ উইকেট। তিনি এবার থাকছেন স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য প্যানেলে।
ইরফান পাঠান

ইরফান পাঠান
একসময় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্ট্রাইক বোলার। চোটের কারণে সেই জায়গাটা হারিয়েছেন। অনেক প্রত্যাশা নিয়ে শুরু করা ক্যারিয়ারটা তাই এক অর্থে জলাঞ্জলিই দিতে হয়েছে বরোদার এই বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলারকে।
আইপিএলে ১০৩ ম্যাচ খেলে ৮০ উইকেট পাওয়া ইরফান পাঠানকে এবার দেখা যাবে না মাঠে। কোনো ফ্র্যাঞ্চাইজিই তাঁকে কিনতে আগ্রহী হয়নি। একই অবস্থা হয়েছিল গত মৌসুমেও। প্রথমে অবিক্রীত থাকলেও পরে ডোয়াইন ব্রাভোর বদলি হিসেবে নাম লিখিয়েছিলেন গুজরাট লায়ন্সে। এবার সেই সুযোগও হয়নি। কাজ করবেন স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য প্যানেলে।

অশোক দিন্দা
অশোক দিন্দা
আইপিএল ক্যারিয়ারে বাংলার এই পেস বোলার খেলেছেন চারটি ফ্র্যাঞ্চাইজিতে (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স, দিল্লি ডেয়ার ডেভিলস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসে)। ৭৮ ম্যাচে পেয়েছেন ৬৮ উইকেট। গত মৌসুমে পুনে সুপার জায়ান্টসের হয়ে খুব বাজে সময় গেছে তাঁর, ৩ ম্যাচে পেয়েছেন মাত্র একটি উইকেট। গত মৌসুমের বাজে ফর্মের কারণেই কিনা, এবারের আইপিএলে কেউ কেনেনি। তিনি এবার কাজ করবেন স্টার স্পোর্টসের বাংলা ধারাভাষ্য প্যানেলে।

রজত ভাটিয়া
রজত ভাটিয়া
৯৫টি ম্যাচে অভিজ্ঞ দিল্লির এই অলরাউন্ডার। রান করেছেন ৩৪২, উইকেট নিয়েছেন ৭১টি। খেলেছেন দিল্লি ডেয়ার ডেভিলস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। এই মৌসুমে দল পাননি। গত মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন। ব্যাট হাতে করেছিলেন ১৬ রান, উইকেট পেয়েছিলেন ২টি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়মিত মুখ এই অলরাউন্ডার এবার আইপিএলে মাইক্রোফোন হাতে হাঁকডাক দেবেন হিন্দি ভাষায়।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



