নদীর মতো বইবে রক্তের স্রোত, আমরা আসছি : আইএস

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪১ এএম, ০৪ মার্চ ২০১৭

জিএস নিউজ ডেস্ক: এ বার চিনকে হুঁশিয়ারি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের। ভয়ংকর এক ভিডিও বার্তা প্রকাশ করে উইঘুর-ভাষী আইএস জঙ্গিদের হুমকি, ‘চীনে এ বার নদীর স্রোতের মতো রক্ত বইবে।’ পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের আদি বাসিন্দা উইঘুর জাতি। ধর্মবিশ্বাস অনুযায়ী উইঘুররা মুসলিম। খবর এবিপির।

কমিউনিস্ট সরকার ধারা নিয়ন্ত্রিত চীনে স্বাধীন ধর্মাচরণের অধিকার না থাকায় উইঘুর মুসলিমদের সঙ্গে চীনা প্রশাসনের সঙ্ঘাত দীর্ঘদিনের। এই উইঘুরদের মধ্যে যারা চীন ছেড়ে পালিয়ে আইএস-এ যোগ দিয়েছে, তারাই এ বার মধ্য এশিয়া থেকে চীনে ফিরে কমিউনিস্ট সরকারকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিতে শুরু করেছে।

চিনের জিনজিয়াং প্রদেশ দীর্ঘ দিন ধরেই অশান্ত। সেখানে নাশকতামূলক কার্যকলাপ লেগেই থাকে। চীনা প্রশাসন বার বারই উইঘুর জঙ্গিদের দিকে অভিযোগের আঙুল তোলে। কিন্তু সে সব অভিযোগ এত দিন ছিল উইঘুরদের নিজস্ব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। আইএস-ও যে নিজেকে এই লড়াইয়ে জড়িয়ে নিয়েছে, তা এত দিন বোঝা যায়নি।

সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। সেই ভিডিওয় এক উইঘুর-ভাষী জঙ্গি চীনা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ”আমরা খলিফার সৈনিক। আমরা তোমাদের কাছে আসছি অস্ত্রের ভাষায় কথা বলার জন্য, নদীর স্রোতের মতো রক্ত বইয়ে দেওয়ার জন্য এবং অত্যাচারিতদের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য।” চীনের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাত্‍ উইঘুরদের হয়ে প্রতিশোধ নেওয়ার কথাই যে ভিডিওটিতে বলা হয়েছে, তা নিয়ে বিশেষজ্ঞদের সংশয় নেই।

আমেরিকার গোয়েন্দা সংস্থা ‘সাইট’ এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে। এর আগে কখনও দেখা যায়নি যে আইএস চীনকে হুমকি দিচ্ছে। এই প্রথম এমন ঘটনা ঘটল। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে নজিরবিহীন বলেই মনে করছেন। বেজিং জঙ্গি কার্যকলাপ রোধে আত্মবিশ্বাসী। কিন্তু আইএস যে ভাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে চীনের দিকে এবং যে ভাবে সংগঠনটি উইঘুরদের লড়াইকে নিজেদের লড়াই হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছে, তাতে বেজিং-এর উদ্বেগ বাড়তে বাধ্য।

আপনার মতামত লিখুন :